মশা মারতে কামান দাগা: ছোট অ্যাপ্লিকেশনে কুবারনেটিস (Kubernetes) ব্যবহারের গল্প

June 6, 20265 min readSystem Design

কদিন ধরে সিস্টেম ডিজাইন নিয়ে একটু ইন-ডিটেইলস পড়াশোনা করার সুযোগ হলো। আগে টুকটাক আইডিয়া বা এক্সপেরিয়েন্স থাকলেও, এবার চেষ্টা করেছি একটু গভীরে গিয়ে জিনিসগুলো বোঝার। ইনশাআল্লাহ্, সামনে প্রতিটি টপিক নিয়েই বিস্তারিত শেয়ার করার ইচ্ছা আছে। তবে আজকে যে জিনিসটা নিয়ে কথা না বললেই নয়, সেটা হচ্ছে—Kubernetes (K8s)

আমরা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বা ডেভলপমেন্ট লাইনে আছি, কম-বেশি সবারই কুবারনেটিস নামটার সাথে পরিচয় থাকার কথা। বিশেষ করে আপনি যদি বিগিনার hon এবং এর Autoscaling, Resource Management, আর Security-র মতো জোস জোস ফিচারগুলোর কথা শোনেন, তাহলে যেকোনো অ্যাপ্লিকেশনের জন্যই চোখ বন্ধ করে কুবারনেটিস ইউজ করতে মন চাইবে। মনে হবে, "আরে, এটাই তো লাইফ সেভার!"

কিন্তু বাস্তব অভিজ্ঞতা আর সিস্টেম ডিজাইনের পারসপেক্টিভ থেকে যদি বলি—একটা ছোটখাটো অ্যাপ্লিকেশনের (Small-scale application) জন্য কুবারনেটিস ব্যবহার করা মানে হচ্ছে একদম খাঁটি বাংলায় "মশা মারার জন্য কামান দাগানো"

কুবারনেটিস আসলে কী করে? (The Good Side)

সহজ ভাষায়, কুবারনেটিস হলো একটি Container Orchestration Tool। আপনার অ্যাপ্লিকেশনের কন্টেইনারগুলো (যেমন Docker containers) কীভাবে চলবে, লোড বাড়লে কীভাবে অটোমেটিক স্কেল আপ (Scale up) হবে, কোনো কন্টেইনার ডাউন হলে কীভাবে নিজে নিজেই রিস্টার্ট (Self-healing) হবে—এই সব ঝক্কি-ঝামেলা K8s একাই সামলে নেয়।

ফিচারগুলো নিঃসন্দেহে চমৎকার:

  • Autoscaling: ট্রাফিক বাড়লে সার্ভার নিজে নিজেই বড় হয়।
  • High Availability: সার্ভার ডাউন হওয়ার চান্স প্রায় জিরো।
  • Resource Management: কোন কন্টেইনার কতটুকু CPU বা RAM পাবে, তা নিখুঁতভাবে কন্ট্রোল করা যায়।

তাহলে ছোট অ্যাপে সমস্যা কোথায়?

শুনতে এত জোস লাগলেও, একটা ছোট বা মিডিয়াম সাইজের প্রোজেক্টে, যেখানে ইউজার বেস কম এবং ট্রাফিক প্রেডিক্টেবল, সেখানে K8s সেটআপ করা মানে নিজের পায়ে নিজে কুড়াল মারা। কেন? চলুন একটু ভেঙে বলি:

  1. Overkill Architecture & Complexity: কুবারনেতিসের নিজস্ব একটা বিশাল লার্নিং কার্ভ (Learning curve) আছে। Pods, Deployments, Services, Ingress, ConfigMaps—এসব মেইনটেইন করতেই আপনার জান বের হয়ে যাবে। যে সময়টা আপনি কোড ইমপ্রুভমেন্ট বা বিজনেজ লজিকে দিতে পারতেন, সেটা চলে যাবে ক্লাস্টার কনফিগার করতেই।
  2. Infrastructure Cost (পকেটের টান): K8s চালাতে গেলে মিনিমাম একটা Control Plane (Master Node) আর কয়েকটা Worker Node লাগে। ছোট একটা অ্যাপের যে রিসোর্স লাগবে, তার চেয়ে বেশি রিসোর্স খরচ হয়ে যাবে শুধু কুবারনেটিস ক্লাস্টারটাকে টিকিয়ে রাখতে। ক্লাউড বিল দেখে তখন কপালে হাত পড়বে!
  3. Operational Overhead: এটাকে ম্যানেজ করার জন্য ডেডিকেটেড DevOps ইঞ্জিনিয়ার বা এক্সপার্টাইজ লাগে। ছোট টিমে ডেভলপাররাই যখন DevOps-এর কাজ করে, তখন এই ওভারহেড প্রোডাক্টিভিটি কমিয়ে দেয়।

তাহলে উপায়?

আপনার অ্যাপ্লিকেশন যদি ছোট হয়, তাহলে অযথা কামান দাগার দরকার নেই। সিম্পল এবং ইফেক্টিভ কিছু অল্টারনেটিভ অলরেডি মার্কেটে আছে:

  • Docker Compose: সিঙ্গেল ভার্চুয়াল মেশিনে (VM) মাল্টিপল কন্টেইনার চালানোর জন্য বেস্ট এবং একদম সিম্পল।
  • Managed Platforms: Render, Railway, বা DigitalOcean App Platform-এর মতো সার্ভিসগুলো ইউজ করতে পারেন। কোনো ইনফ্রাস্ট্রাকচারের চিন্তা ছাড়াই জাস্ট কোড পুশ করলেই লাইভ!
  • VPS (Virtual Private Server): একটা সিম্পল Hetzner বা DigitalOcean Droplet-এ Docker দিয়ে সেটআপ করে নিলেই বছরের পর বছর শান্তিতে চালানো যায়।

শেষ কথা

সিস্টেম ডিজাইনের মূল সৌন্দর্যই হলো—"Right tool for the right job" সিলেক্ট করা। কুবারনেটিস টেকনোলজি হিসেবে অসাধারণ এবং বড় স্কেলের মাইক্রোসার্ভিস আর্কিটেকচারের জন্য এটার কোনো বিকল্প নেই। কিন্তু হাইপ বা ট্রেন্ডের পেছনে ছুটে ছোট অ্যাপে K8s ঢুকিয়ে কমপ্লেক্সিটি বাড়ানোর কোনো মানে হয় না। আগে মশা মারতে চড় মারুন, কামান তোলা থাক বড় যুদ্ধের জন্য!

আপনার কী মনে হয়? ছোট প্রোজেক্টে কুবারনেটিস নিয়ে আপনাদের কোনো তিতা বা মিষ্টি অভিজ্ঞতা থাকলে কমেন্টে জানান!